শিশুদের মুখ থেকে লালা পড়া সাধারণ একটি শারীরবৃত্তীয় বিষয়। তবে অনেক সময় অতিরিক্ত লালা পড়লে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বিশেষ করে যখন শিশুর পোশাক বা বালিশ বারবার ভিজে যায় কিংবা মুখের চারপাশে র্যাশ ও দুর্গন্ধ দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ ক্ষেত্রে এটি স্বাভাবিক হলেও কখনো কখনো স্বাস্থ্যগত সমস্যার ইঙ্গিত হতে পারে।
জন্মের কয়েক মাস পর থেকেই শিশুর লালাগ্রন্থি ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে। সাধারণত ৪ থেকে ৬ মাস বয়সের পর লালার পরিমাণ বাড়ে এবং অনেক শিশুর ক্ষেত্রে মুখ দিয়ে লালা পড়তে দেখা যায়। প্রায় ১৮ মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত সামান্য লালা পড়া স্বাভাবিক হিসেবে ধরা হয়।
শিশুর অতিরিক্ত লালা পড়ার অন্যতম কারণ দাঁত ওঠা। সাধারণত ছয় মাস বয়সের পর শিশুর প্রথম দাঁত উঠতে শুরু করে। এ সময় মাড়িতে অস্বস্তি বা প্রদাহের কারণে লালার পরিমাণ বেড়ে যায়। শিশুরা তখন বিভিন্ন জিনিস মুখে দিতে বা চিবাতে চায়, ফলে লালা বেশি পড়ে।
তবে কিছু ক্ষেত্রে স্বাস্থ্যগত কারণেও এ সমস্যা হতে পারে। যেমন মুখে ঘা বা সংক্রমণ, টনসিল বা গলার সমস্যা, সর্দি–কাশি, দাঁত বা মাড়ির প্রদাহ, পরিপাকতন্ত্রের জটিলতা বা কৃমি সংক্রমণ। আবার কিছু স্নায়বিক সমস্যায়, যেমন Cerebral Palsy–এর মতো রোগে শিশুরা লালা ঠিকভাবে গিলতে না পারায় মুখ দিয়ে পড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শিশুর মুখ ও চিবুক পরিষ্কার ও শুকনা রাখা গুরুত্বপূর্ণ। লালা পড়লে নরম কাপড় দিয়ে মুছে দেওয়া এবং প্রয়োজনে বেবি ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের জ্বালা কমে। পাশাপাশি শিশুকে ধীরে ধীরে শক্ত খাবার চিবাতে শেখালে মুখের পেশি শক্ত হয় এবং লালা নিয়ন্ত্রণের ক্ষমতাও বাড়ে।
আপনার বিজ্ঞাপন এখানে