91°F সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

শীতের শেষবেলায় ইউ-টার্ন! মাঘের শেষে কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে ঠান্ডা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৬ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৪১
শীতের শেষবেলায় ইউ-টার্ন! মাঘের শেষে কলকাতায় ফের নামছে পারদ, কতটা বাড়বে ঠান্ডা

শীতের শেষবেলায় ‘ইউ-টার্ন’! মাঘের শেষে ফের ঠান্ডার ঝাঁজ, কলকাতায় শুক্রবারও স্বাভাবিকের নীচে নামল পারদ—আর কতটা কমতে পারে তাপমাত্রা?

মাঘের শুরুতেই যেন শীত বিদায় নিতে বসেছিল। পৌষে যে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছিল, তার ছিটেফোঁটাও আর ছিল না। উল্টো স্বাভাবিকের অনেক উপরে উঠে গিয়েছিল তাপমাত্রা। কিন্তু মাঘ ফুরোতে না ফুরোতেই ফের বদলাচ্ছে আবহাওয়ার চরিত্র। কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় আবার ঠান্ডা বাড়ার ইঙ্গিত মিলছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন করে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ—দু’অঞ্চলেই ফের শীতের আমেজ ফিরতে পারে। বিশেষ করে ভোর ও রাতের দিকে ঠান্ডা বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কিছু দিন আগেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উঠে গিয়েছিল ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসে। সেই কারণে অনেকেই ধরে নিয়েছিলেন, এ বছর শীত বুঝি আগেভাগেই বিদায় নিল। কিন্তু হঠাৎ করেই পারদ নামতে শুরু করায় আবহাওয়াবিদদের একাংশের মত, বিদায়ের আগে শীত শেষ মুহূর্তে ‘ইউ-টার্ন’ নিতে পারে।

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৫.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি কম। এই প্রবণতা বজায় থাকলে আগামী কয়েক দিনে পারদ আরও নামতে পারে বলে ইঙ্গিত। ফলে মাঘের শেষে শহর ও রাজ্যবাসী ফের এক দফা শীতের স্বাদ পেতে পারেন বলেই মনে করা হচ্ছে