অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ফ্ল্যাট কিনে নেবে হংকং সরকার
চলতি বছরের নভেম্বরে Hong Kong-এ একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। ওই ঘটনার পর ক্ষতিগ্রস্ত উচ্চভবন আবাসন প্রকল্পের ফ্ল্যাট মালিকদের কাছ থেকে বাসস্থান কিনে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে সরকার।
বার্তাসংস্থা Reuters-এর প্রতিবেদনে জানানো হয়, এ পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ৪ বিলিয়ন হংকং ডলার ব্যয় ধরা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রতি বর্গফুটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮ হাজার হংকং ডলার, যেখানে ভূমি প্রিমিয়াম অন্তর্ভুক্ত নয়। ভূমির মূল্য যুক্ত করলে প্রতি বর্গফুটের দাম দাঁড়াবে ১০ হাজার ৫০০ হংকং ডলার।
হংকংয়ের উপ-অর্থসচিব ওয়াং ওয়াই লুন এক ব্রিফিংয়ে বলেন, প্রস্তাবিত মূল্য ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি আবাসন নিশ্চিত করতে যথেষ্ট বলে সরকার মনে করে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবাসন কমপ্লেক্স Wang Fuk Court-এ প্রায় দুই হাজার ইউনিটে ৪ হাজার ৬০০ ভাড়াটিয়া বসবাস করতেন। তাদের জন্য একটি ফ্ল্যাট-বিনিময় কর্মসূচি চালু করার ঘোষণা দিয়েছে সরকার, যার মাধ্যমে তারা বিকল্প সরকারি আবাসনে স্থানান্তরের সুযোগ পাবেন।
কর্মকর্তাদের হিসাবে, পুরো প্রকল্পে মোট ব্যয় দাঁড়াতে পারে আনুমানিক ৬ দশমিক ৮ বিলিয়ন হংকং ডলার। তবে একটি ত্রাণ তহবিল থেকে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার অনুদান পাওয়ায় সরকারের নিট ব্যয় কমে আসবে। পাশাপাশি বীমা ক্ষতিপূরণ হিসাব করলে ব্যয় আরও কমতে পারে।
সরকারের দাবি, এ উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন এবং ভবিষ্যতে নিরাপদ আবাসন নিশ্চিত করা সম্ভব হবে।
আপনার বিজ্ঞাপন এখানে