77°F শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ময়মনসিংহ বিভাগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবারকে ৫ কোটি ২৯ লাখ টাকা সহায়তা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২২
ময়মনসিংহ বিভাগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবারকে ৫ কোটি ২৯ লাখ টাকা সহায়তা

ময়মনসিংহ বিভাগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩ পরিবারকে ৫ কোটি ২৯ লাখ টাকা সহায়তা

সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩৩টি পরিবারের মধ্যে মোট ৫ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

গত বুধবার (৪ মার্চ) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে এ সহায়তার চেক তুলে দেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ময়মনসিংহ বিভাগের চার জেলার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সহায়তা পায়।

বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রত্যেককে ১ থেকে ৩ লাখ টাকা এবং নিহতদের স্বজনদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৭৬টি চেকের বিপরীতে ৩ কোটি ৪ লাখ টাকা, জামালপুর জেলায় ৩৫ জনকে ১ কোটি ২৭ লাখ টাকা, নেত্রকোনা জেলায় ১৮ জনকে ৭৮ লাখ টাকা এবং শেরপুর জেলায় ৪ জনকে ২০ লাখ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। দুর্ঘটনা কমাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগ আরও জোরদার করা প্রয়োজন। তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবারগুলোর কাছে দ্রুততম সময়ে আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কাজ করে যাচ্ছে।

মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরটিএ’র পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ-ই-আশিক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জি.) সুব্রত কুমার দেবনাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম এবং জেলা মোটরযান মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদসহ বিআরটিএ’র কর্মকর্তা, মোটর মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সবার সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীলতা জরুরি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারের এই উদ্যোগ তাদের দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।