86°F মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

নির্বাচনে নির্দেশনা পেলে প্রস্তুত সেনাবাহিনী: কর্নেল শফিকুল

Online Desk, Boston Bangla

প্রকাশ: ২২ জুন ২০২৫ | নিউজটি দেখেছেন: ২৩৩
নির্বাচনে নির্দেশনা পেলে প্রস্তুত সেনাবাহিনী: কর্নেল শফিকুল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখনো সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীকে কোনো ধরনের আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে নির্দেশনা পেলে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকার এখনো নির্বাচনের জন্য আমাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেয়নি। তবে সরকার নির্দেশনা দিলে আমরা আগের মতোই দায়িত্ব পালনে প্রস্তুত থাকব।”

সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান কর্নেল শফিকুল। তিনি বলেন, “রংপুরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় সময়মতো হস্তক্ষেপ করায় বড় ধরনের বিশৃঙ্খলা রোধ করা সম্ভব হয়েছে।”

ঈদুল আজহা উপলক্ষে সেনাবাহিনীর কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, “বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনসহ স্পর্শকাতর স্থানে আমাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছেন। ১২৫৫টি যানবাহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ৩৫ লাখ টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।”

সম্প্রতি জাতীয় পতাকা বিক্রির সময় সেনা সদস্যদের ‘অতিরিক্ত আচরণে’ এক ব্যক্তিকে পেটানোর ঘটনায় তিনি বলেন, “ঘটনাটি দুঃখজনক ও বিচ্ছিন্ন ছিল। পরে ওই ব্যক্তিকে ডেকে এনে সহানুভূতি জানানো হয়েছে এবং ব্যবসা চালু রাখতে তাকে এক লাখ টাকা দেওয়া হয়েছে।”

সীমান্ত পরিস্থিতি সম্পর্কে কর্নেল শফিকুল বলেন, “ভারত ও মিয়ানমার সীমান্তে বিজিবি ও কোস্ট গার্ড সজাগ রয়েছে। এখনো সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন অনুভূত হয়নি।”

শীর্ষ সন্ত্রাসী ধরতে সেনাবাহিনীর চলমান অভিযানের বিষয়ে তিনি জানান, “গ্রেফতারকৃত সন্ত্রাসীদের তালিকা গোপন রাখা হয়। ভবিষ্যতেও এই ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।”