মহাকাশে বিরল এক ঘটনা ঘটতে যাচ্ছে—এক সারিতে আসছে সৌরজগতের ছয়টি গ্রহ। খালি চোখেই এর বেশিরভাগ গ্রহ দেখা যাবে। যন্ত্র বা দূরবীনের সাহায্য নিলে পুরো দৃশ্য আরও উজ্জ্বলভাবে উপভোগ করা সম্ভব।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পর পশ্চিম আকাশে দেখা যাবে এই দৃশ্য, যা জ্যোতির্বিদরা ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহসমাবেশ হিসেবে উল্লেখ করছেন। বাংলাদেশ থেকেও খালি চোখে এর বেশিরভাগ অংশ দেখা যাবে।
বিশেষজ্ঞদের মতে, সূর্যাস্তের প্রায় ৩০–৪৫ মিনিটের মধ্যে বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এক সারিতে অবস্থান করবে। আকাশের সংকীর্ণ অংশে এদের অবস্থান দৃষ্টিনন্দন গ্রহশোভা তৈরি করবে।
শুক্র, বৃহস্পতি ও শনিকে সহজেই খালি চোখে দেখা যাবে। বুধ পশ্চিম দিগন্তের খুব নিচুতে থাকায় পরিষ্কার দিগন্তরেখা না থাকলে এটি দেখা কঠিন হতে পারে। ইউরেনাস ও নেপচুন দেখতে দূরবীন বা ছোট টেলিস্কোপ ব্যবহার করা প্রয়োজন।
বৃহস্পতি আকাশে তুলনামূলক উজ্জ্বল, শনি শুক্র ও বৃহস্পতির মাঝামাঝি অবস্থান করবে। সূর্যাস্তের পর অল্প সময়ের মধ্যেই কয়েকটি গ্রহ ধীরে ধীরে দিগন্তের নিচে নেমে যাবে।
জ্যোতির্বিদরা জানাচ্ছেন, এই দৃশ্য মূলত একটি দৃশ্যমান প্রভাব; প্রকৃতপক্ষে গ্রহগুলো একে অপরের থেকে লক্ষ-কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে। তবে পৃথিবী থেকে দেখলে মনে হবে তারা একই সরলরেখায় রয়েছে।
এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাতটি গ্রহ—বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন—এক লাইনে দেখা গিয়েছিল। জ্যোতির্বিদদের মতে, এমন পূর্ণাঙ্গ সমাবেশ ২০৪০ সালের আগে আর দেখা যাবে না।
উত্তর গোলার্ধের দেশগুলো থেকে এই দৃশ্য তুলনামূলকভাবে বেশি স্পষ্ট দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
আপনার বিজ্ঞাপন এখানে