মেডফোর্ডে আন্তঃধর্মীয় ইফতার, সম্প্রীতির বার্তা
পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মেডফোর্ড শহরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী আন্তঃধর্মীয় ইফতার। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়।
গত শনিবার (৭ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত McGlynn School প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে মুসলিম, খ্রিস্টান, ইহুদি ও বৌদ্ধ ধর্মের প্রতিনিধিসহ স্থানীয় কমিউনিটির নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আয়োজকদের তিন প্রতিনিধি— Imam Waris, Nichole Mossalem এবং Humayan Morshed। তারা অনুষ্ঠানের বিভিন্ন পর্ব পরিচালনার পাশাপাশি আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ইন্টারফেইথ আলোচনা পর্ব। এতে বিভিন্ন ধর্মীয় নেতা বক্তব্য দিয়ে নিজ নিজ ধর্মের আলোকে শান্তি, সহনশীলতা ও মানবিকতার বার্তা তুলে ধরেন। বক্তব্য প্রদানকারীদের মধ্যে ছিলেন Brenda Bennett, Geshe Tenley, Leah Nussbaum, Richard Chrisman এবং Carol Morehead।
বক্তারা বলেন, ধর্মের ভিন্নতা থাকলেও মানুষে মানুষে ভালোবাসা, সহমর্মিতা এবং একে অপরের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা সব ধর্মেই বিদ্যমান। এমন উদ্যোগ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধন আরও দৃঢ় করে।
অনুষ্ঠানের শুরুতে ছিল কমিউনিটি পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য ইফতারের বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।
আয়োজকরা জানান, রমজান শুধু ধর্মীয় অনুশাসনের মাস নয়; এটি সংযম, সহমর্মিতা এবং মানুষের মধ্যে সম্পর্ক জোরদারেরও সময়। সেই ভাবনা থেকেই বিভিন্ন ধর্মের মানুষকে একই ছাতার নিচে এনে এই ইন্টারফেইথ ইফতারের আয়োজন করা হয়েছে। স্থানীয় কমিউনিটিতে সম্প্রীতি ও সহনশীলতার সংস্কৃতি জোরদারে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার বিজ্ঞাপন এখানে