হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মদিনা শাখার সভাপতি মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানীর জ্যেষ্ঠ পুত্র হাফেজ নাঈম বিন রফিক (২৪) শনিবার দুপুরে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, তরুণ এই হাফেজ মরণব্যাধি ক্যানসারের চতুর্থ স্তরে (Stage 4) আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাকে মদিনার হায়াত আল-ওতানী হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন ২১ মার্চ দুপুর ২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাফেজ নাঈমের এই অকাল মৃত্যুতে বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এবং আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। মাওলানা সাইয়েদ রফিকুল ইসলাম মাদানী তার প্রিয় সন্তানের রূহের মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পিতামাতা ও ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রোববার জোহরের নামাজের পর পবিত্র মসজিদে নববীতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে