63°F বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত অন্তত ১০

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৪৪
কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত অন্তত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত অন্তত ১০

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার কানাডার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানায়, ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ শহরের টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। স্কুল প্রাঙ্গণে গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করে।

আরসিএমপির বিবৃতিতে বলা হয়, সন্দেহভাজন বন্দুকধারীকে স্কুলের ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজেই আত্মহত্যা করেছেন। নিহতদের মধ্যে ওই বন্দুকধারীও রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, স্কুল ভবনের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া হামলার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা একটি আবাসিক বাড়ি থেকে আরও দুইজনের মরদেহ পাওয়া গেছে। এসব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় একটি মেডিকেল সেন্টারে অন্তত ২৫ জনকে বিভিন্ন ধরনের আঘাতের জন্য পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

হামলার পর স্কুলের সব শিক্ষার্থী ও শিক্ষককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ যৌথভাবে শিক্ষার্থীদের পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করছে। নিরাপত্তাজনিত কারণে জারি করা ‘শেল্টার-ইন-প্লেস’ আদেশ পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে।

আরসিএমপি জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই। হামলার পেছনের উদ্দেশ্য ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।