জালালাবাদে পাকিস্তানি যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট আটক: আফগান কর্তৃপক্ষের দাবি
জালালাবাদ শহরে পাকিস্তানের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে এবং এর পাইলটকে জীবিত আটক করা হয়েছে বলে জানিয়েছে আফগান সামরিক বাহিনী ও পুলিশ। শনিবার স্থানীয় সময় এ তথ্য নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রত্যক্ষদর্শীরা আন্তর্জাতিক বার্তা সংস্থা Agence France-Presse–কে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট প্যারাসুটের মাধ্যমে নিচে নামেন। অবতরণের পরপরই তাঁকে আটক করা হয়।
পুলিশের মুখপাত্র তায়েব হাম্মাদ দাবি করেন, জালালাবাদে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং পাইলট বর্তমানে হেফাজতে রয়েছেন। পূর্ব আফগানিস্তানের সামরিক মুখপাত্র ওয়াহিদুল্লাহ মোহাম্মদীও একই দাবি করে বলেন, আফগান বাহিনী বিমানটি ভূপাতিত করেছে।
এএফপির এক সাংবাদিক জানান, তিনি জালালাবাদের আকাশে একটি যুদ্ধবিমান উড়তে দেখেন এবং কিছুক্ষণ পর শহরের বিমানবন্দরের দিক থেকে দুটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনেন। এরপরই যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে।
তবে এ ঘটনায় পাকিস্তানের সামরিক বাহিনী বা তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরে পাকিস্তানের বিমান হামলার খবর পাওয়া যায়। সীমান্ত এলাকায় আফগান বাহিনীর অভিযানের পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
ঘটনাটি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আপনার বিজ্ঞাপন এখানে