ইরানের বন্দর আব্বাসে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, ধসে পড়েছে একাধিক তলা
ইরানের উপসাগরীয় উপকূলবর্তী গুরুত্বপূর্ণ বন্দর শহর বন্দর আব্বাসে একটি বহুতল ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় শহরের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত আটতলা একটি ভবনে এই বিস্ফোরণ হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিস্ফোরণের ফলে ভবনটির অন্তত দুটি তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে আশপাশের বেশ কয়েকটি দোকান ও যানবাহনেরও ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও অগ্নিনির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি। হতাহতের বিষয়েও নিশ্চিত কোনো সংখ্যা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
এদিকে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সামাজিক মাধ্যমে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর এক কমান্ডারকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়েছে-এমন যে দাবি ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।
উল্লেখ্য, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইরানের নিরাপত্তা কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং বাহিনীটি সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত হয়।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
আপনার বিজ্ঞাপন এখানে