77°F বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইন্টারনেট ছাড়াই ব্যবহারযোগ্য ৫টি স্মার্টফোন অ্যাপ

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৯
ইন্টারনেট ছাড়াই ব্যবহারযোগ্য ৫টি স্মার্টফোন অ্যাপ

বর্তমান সময়ে স্মার্টফোন মানেই যেন ইন্টারনেটের ওপর নির্ভরশীল এক দুনিয়া। মেসেজ পাঠানো, গান শোনা, পেমেন্ট করা বা তথ্য খোঁজা—প্রায় সব কাজই এখন ডেটা সংযোগের ওপর নির্ভর করে। কিন্তু হঠাৎ নেটওয়ার্ক না থাকলে বা মোবাইল ডেটা শেষ হয়ে গেলে অনেকেই অচল হয়ে পড়েন। বিশেষ করে ভ্রমণের সময়, দুর্গম এলাকায় বা বিমানযাত্রায় ইন্টারনেট না থাকলে সমস্যা আরও বেড়ে যায়।

তবে অনেক জনপ্রিয় অ্যাপ রয়েছে, যেগুলো ইন্টারনেট ছাড়াও কার্যকরভাবে ব্যবহার করা যায়। এমনকি এসব অ্যাপের অনেকেরই অফলাইন ফিচার রয়েছে, যা প্রয়োজনের মুহূর্তে খুব কাজে লাগে।

চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি অ্যাপ সম্পর্কে—

১. গুগল ক্রোম ও অন্যান্য ব্রাউজার

অনেকের ধারণা ব্রাউজার মানেই ইন্টারনেট সংযোগ। কিন্তু গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজার অফলাইনেও অনেক কাজ করতে পারে। ইন্টারনেট না থাকলেও পডকাস্ট শোনা, কম্পিউটারে সংরক্ষিত ভিডিও দেখা, পিডিএফ ফাইল পড়া, টেক্সট ফাইল সম্পাদনা বা কোডিংয়ের কাজ করা সম্ভব।

২. স্পটিফাই

গান শোনার ক্ষেত্রে স্পটিফাই বিশ্বজুড়ে জনপ্রিয়। এটি মূলত স্ট্রিমিং সেবা হলেও প্রিমিয়াম গ্রাহকরা প্রায় ১০ হাজার গান ডাউনলোড করে রাখতে পারেন। ফলে দীর্ঘ বিমান ভ্রমণ বা ইন্টারনেটবিহীন এলাকায়ও গান শোনা যায়। এছাড়া ফোনের মেমোরিতে থাকা গানও প্লে করা যায়।

৩. গুগল ওয়ালেট ও অ্যাপল ওয়ালেট

মোবাইল পেমেন্টের ক্ষেত্রে গুগল ওয়ালেট ও অ্যাপল ওয়ালেট জনপ্রিয়। অনেকেই মনে করেন, পেমেন্ট করতে ইন্টারনেট লাগবে। কিন্তু এনএফসি প্রযুক্তির মাধ্যমে দোকানে গিয়ে ডেটা সংযোগ ছাড়াই লেনদেন করা যায়। এছাড়া কনসার্টের টিকিট বা বোর্ডিং পাসও অফলাইনে দেখানো সম্ভব।

৪. কিন্ডেল

বইপ্রেমীদের জন্য কিন্ডেল অ্যাপ অত্যন্ত জনপ্রিয়। একবার বই ডাউনলোড হয়ে গেলে পড়ার জন্য আর ইন্টারনেটের প্রয়োজন হয় না। দীর্ঘ ভ্রমণে একাধিক বই সঙ্গে নেওয়ার ঝামেলা এড়িয়ে একটি অ্যাপেই অফলাইনে পড়া সম্ভব। হাইলাইট বা নোটও পরে স্বয়ংক্রিয়ভাবে সিংক হয়।

৫. গুগল অথেন্টিকেটর

অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য টু-ফ্যাক্টর অথেন্টিকেশন গুরুত্বপূর্ণ। গুগল অথেন্টিকেটর সম্পূর্ণ অফলাইনে কাজ করে। ফোনের ভেতরে অ্যালগরিদম অনুযায়ী প্রতি ৩০ সেকেন্ডে নতুন কোড তৈরি হয়। তাই নেটওয়ার্ক বা সিম সিগন্যাল ছাড়াও এটি নিরাপদ এবং ব্যবহারযোগ্য।

এই অ্যাপগুলো স্মার্টফোন ব্যবহারকারীদের ইন্টারনেট না থাকলেও গুরুত্বপূর্ণ সেবা দিতে সক্ষম। অফলাইনে কাজ করার এই সুবিধা ভ্রমণ বা জরুরি পরিস্থিতিতে বিশেষ সহায়ক।