77°F মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

হাইব্রিড ক্লাসে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা: সপ্তাহে তিন দিন অনলাইন, তিন দিন সরাসরি পাঠদান

Rokon Pathan, Boston Bangla

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩০
হাইব্রিড ক্লাসে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা: সপ্তাহে তিন দিন অনলাইন, তিন দিন সরাসরি পাঠদান

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রভাব মোকাবিলা করে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে ক্লাস নেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন পাঠদান চলবে। এর মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাস করবে, আর বাকি তিন দিন অনলাইনের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে। ক্লাসের দিন নির্ধারণে জোড়-বিজোড় তারিখ কিংবা রোল নম্বরভিত্তিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

অনলাইন ক্লাস চলাকালীন সময়েও শিক্ষকদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে সেখান থেকেই পাঠদান পরিচালনা করতে হবে। তবে বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের ব্যবহারিক ক্লাসগুলো ল্যাবে সরাসরি সম্পন্ন করার নির্দেশনা থাকবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণ করতেই সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি সংকটের কারণে যাতায়াত ও বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনা করে আংশিক অনলাইন পদ্ধতি চালু করা হচ্ছে, যা আপাতত পরীক্ষামূলকভাবে কার্যকর হবে।

উল্লেখ্য, রমজান ও ঈদের দীর্ঘ ছুটির পর সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও প্রথম দিন উপস্থিতির হার ছিল তুলনামূলক কম। বিশেষ করে রাজধানীর কিছু এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম দেখা যায়। অনেক অভিভাবক জ্বালানি সংকটের কারণে সন্তানদের স্কুলে পাঠাতে অপারগতার কথাও আগেই জানিয়েছিলেন।

এই পরিস্থিতি সামাল দিতে সরকার শুরু থেকেই বিভিন্ন বিকল্প পরিকল্পনা বিবেচনা করে আসছিল। শেষ পর্যন্ত অনলাইন ও অফলাইন মিলিয়ে সমন্বিত বা হাইব্রিড পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।