ধানমন্ডি ৩২ নম্বরে ‘গণকান্না’ কর্মসূচিতে গিয়ে মারধর, ঢাবি অধ্যাপকসহ পাঁচজন আহত
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে গিয়ে মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচজন। রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ফেসবুকে ঘোষিত ‘গণকান্না’ কর্মসূচিতে অংশ নিতে তাঁরা ধানমন্ডি ৩২ নম্বরে গেলে সেখানে উপস্থিত ‘বিক্ষুব্ধ জনতা’ তাঁদের ওপর হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, উদ্ধার করা পাঁচজনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি তিনজন নিজেদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ-এর রাজনীতির সঙ্গে যুক্ত বলে পরিচয় দিয়েছেন। তাঁদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত কর্মসূচিকে ঘিরে ধানমন্ডি ৩২ এলাকায় কিছু মানুষের জটলা তৈরি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে এবং কয়েকজনকে মারধর করা হয়।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে পুলিশ বলছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার বিজ্ঞাপন এখানে