ঢাকা শহরে ৪০টি খেলার মাঠ ও সড়ক প্রশস্ত করার প্রতিশ্রুতি তারেক রহমানের
বিএনপি ক্ষমতায় এলে রাজধানী ঢাকাকে আরও বাসযোগ্য ও মানবিক নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে ঢাকাজুড়ে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রশস্ত করার ঘোষণা দেন তিনি।
রোববার দুপুরের পর ঢাকা–১৭ আসনের ইসিবি চত্বরে এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব প্রতিশ্রুতি তুলে ধরেন তারেক রহমান। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি ও নাগরিক প্রয়োজনের কথা বিবেচনায় রেখে অবকাঠামো ও নগর উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি জানান।
তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে এমন একটি ঢাকা গড়ে তোলা হবে, যেখানে মানুষ সুস্থ পরিবেশে বসবাস করতে পারবে এবং স্বাভাবিকভাবে চলাফেরা ও শ্বাস নেওয়ার সুযোগ পাবে। তিনি বলেন, খেলার মাঠগুলো শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করবে এবং বয়স্ক মানুষসহ নারী-পুরুষ সবাই নির্দিষ্ট সময়ে হাঁটাচলার সুবিধা পাবেন।
নগর অবকাঠামো প্রসঙ্গে তিনি জানান, ইসিবি চত্বর থেকে জসিমউদ্দীন সড়ক পর্যন্ত বিদ্যমান সড়কটি সম্প্রসারণ করা হবে। মানুষের যাতায়াত সহজ করতে এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ এলাকায় সড়ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যের শেষ অংশে তারেক রহমান নিজেকে ওই এলাকার সন্তান হিসেবে পরিচয় দেন এবং শৈশবের স্মৃতি স্মরণ করে আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুলশান, বনানী ও ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা–১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। রোববারের নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে তিনি ঢাকা-১৬, ১৫, ১৪, ১৩ ও ১১ আসনের বিভিন্ন স্থানে ধারাবাহিক জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে