পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অর্থ ও মূল্যবান সামগ্রী পরিবহনে সহায়তার পর এবার বিয়ে বাড়ির গহনা বহনেও নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার রাজধানীর পুলিশ মিডিয়া কেন্দ্রে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের প্রধান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।
তিনি বলেন, ঈদের সময় সাধারণ মানুষের সুবিধার জন্য থানায় স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী সংরক্ষণের সুযোগ রাখা হয়েছিল। একই সঙ্গে ব্যাংকের ভল্ট ব্যবহারের পরামর্শও দেওয়া হয়। এছাড়া নগদ অর্থ বা দামী গহনা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সহায়তা দেওয়ার কথাও জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, ঈদের পর বিভিন্ন স্থানে বিয়ের আয়োজন বেড়ে যায়। এ সময় অনেকেই হোটেল বা কমিউনিটি কেন্দ্র থেকে গহনা বাড়িতে নেওয়ার প্রয়োজন হয়। কেউ যদি এ ধরনের পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি মনে করেন, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করলে পুলিশ সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি জানান, ঈদকে কেন্দ্র করে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। যদিও কিছুসংখ্যক সদস্য ছুটিতে রয়েছেন, তবুও প্রয়োজনীয় সংখ্যক সদস্য দায়িত্বে আছেন। ঈদের আগেই বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা তদারকি করা হয়েছে এবং এখনো সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ঈদের সময় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সামনের দিনগুলোও শান্তিপূর্ণভাবে অতিক্রান্ত হবে।
আপনার বিজ্ঞাপন এখানে