79°F শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

বাউলগান ও মাজার–সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না: এমপি রুমিন ফারহানা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৫
বাউলগান ও মাজার–সংস্কৃতিতে বাধা মেনে নেওয়া হবে না: এমপি রুমিন ফারহানা

নিজ নির্বাচনী এলাকায় বাউলগান ও মাজার–সংস্কৃতির ওপর কোনো ধরনের বাধা সহ্য করা হবে না বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার রাতে আশুগঞ্জ উপজেলার দগরীসার মোড়ে আধ্যাত্মিক সাধক পুরুষ আবদুল কাদির শাহ (রহ.)-এর ৫৮তম স্মরণোৎসব ও বার্ষিক ওরসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, তার দায়িত্বে থাকা এলাকায় ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা সমানভাবে চলবে। “আমার এলাকায় ওয়াজ যেমন হবে, কীর্তন যেমন হবে, বাউলগানও হবে,”—বলেন তিনি।

গত দেড় বছরে বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর ও বাউলগানের আসরে বাধা দেওয়ার অভিযোগ তুলে এমপি রুমিন ফারহানা বলেন, এসব ঘটনায় বাউলশিল্পীদের হয়রানি ও গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। তিনি দাবি করেন, এ ধরনের ঘটনার বিরুদ্ধে তিনি ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছেন।

তিনি আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরার দায়িত্ব সবার। তার মতে, বাউলগান ও মাজার–সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

অনুষ্ঠানটির আয়োজন করে আবদুল কাদির শাহ পাঠাগার। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা আতাউর রহমান।