64°F মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

সজিদে নববীতে কোরআন ও সুন্নাহ শিক্ষায় ঐতিহাসিক অগ্রগতি

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩৪
সজিদে নববীতে কোরআন ও সুন্নাহ শিক্ষায় ঐতিহাসিক অগ্রগতি

সজিদে নববীতে কোরআন ও সুন্নাহ শিক্ষায় ঐতিহাসিক অগ্রগতি

ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীতে ২০২৫ সালে কোরআন ও সুন্নাহ শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। মসজিদে নববীর কোরআন ও সুন্নাহ শিক্ষা বিভাগের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, বছরজুড়ে ৮ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী পবিত্র কোরআন সম্পূর্ণ হিফজ সম্পন্ন করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে প্রতিদিন গড়ে ৩৩ জন শিক্ষার্থী কোরআন মুখস্থ সম্পন্ন করেন। বর্তমানে মসজিদে নববীর শিক্ষা কার্যক্রমে সরাসরি ও অনলাইনে যুক্ত শিক্ষার্থীর সংখ্যা ৭১ হাজারের বেশি। এর মধ্যে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী অনলাইন ও দূরশিক্ষণ ব্যবস্থার মাধ্যমে নিয়মিত কোরআন ও সুন্নাহ শিক্ষা গ্রহণ করছেন।

মসজিদে নববীর প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় প্রতিদিন তিন হাজারের বেশি শিক্ষাচক্র (হালাকাহ) পরিচালিত হচ্ছে। এসব হালাকাহতে পাঠদান করছেন এক হাজার ৫০০-এর বেশি অভিজ্ঞ পুরুষ ও নারী শিক্ষক-শিক্ষিকা। নিয়মিত পাঠদানের মাধ্যমে কোরআন তিলাওয়াত, হিফজ, তাজবিদ, হাদিস ও ইসলামী জ্ঞানভিত্তিক পাঠক্রম পরিচালিত হচ্ছে।

কোরআন শিক্ষার পাশাপাশি সুন্নাহ ও ইসলামী বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রন্থে জ্ঞান অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রতিদিন গড়ে ৭৩৫ জন শিক্ষার্থীকে ইজাজা (সনদ) প্রদান করা হয়েছে। ২০২৫ সালে মোট এক লাখ ৮৬ হাজারের বেশি শিক্ষার্থী সুন্নাহ ও ইসলামী পাঠ্যগ্রন্থে ইজাজা লাভ করেন। এছাড়া প্রায় ২৫ হাজার শিক্ষার্থী গুরুত্বপূর্ণ হাদিস ও ইসলামী জ্ঞানভিত্তিক গ্রন্থ মুখস্থ সম্পন্ন করেছেন।

শিক্ষার্থীদের সুবিধার্থে মসজিদে নববীর শিক্ষা বিভাগ প্রতিদিন ছয় হাজারের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে পরিবহন সুবিধা প্রদান করছে। পাশাপাশি বছরজুড়ে হজ ও ওমরাহ পালন করতে আসা ১২ লাখের বেশি হাজি ও মুসল্লি এই শিক্ষা বিভাগের বিভিন্ন কার্যক্রম ও সেবার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালে মসজিদে নববীর শিক্ষা কার্যক্রমে মোট ব্যয় হয়েছে ৩৭ কোটি ৫০ লাখের বেশি কর্মঘণ্টা। একই বছরে নতুন করে ভর্তি হয়েছেন দুই লাখের বেশি শিক্ষার্থী। কোরআন ও সুন্নাহ শিক্ষার বিভিন্ন স্তরে মোট দুই লাখের বেশি সনদপত্র ইস্যু করা হয়েছে।

শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্বের ১৭০টিরও বেশি দেশের প্রতিনিধিত্ব করছেন, যা মসজিদে নববীকে একটি বৈশ্বিক ইসলামী শিক্ষা কেন্দ্র হিসেবে আরও শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে বছরজুড়ে সরবরাহ করা হয়েছে ৩০ লাখের বেশি খাবার

মসজিদে নববীর কোরআন ও সুন্নাহ শিক্ষা বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে, মুসলিম উম্মাহর মধ্যে কোরআন ও হাদিস শিক্ষার বিস্তার ও মানোন্নয়নে এই উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারণ করা হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করার পরিকল্পনার কথাও জানানো হয়েছে।