পাইকারি–খুচরা দামের ব্যবধান পর্যবেক্ষণে তদন্ত কমিটি: বাণিজ্যমন্ত্রী
নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা দামের মধ্যে অস্বাভাবিক ব্যবধান রোধে সরকার একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, ঈদের পরপরই এই কমিটি কাজ শুরু করবে এবং বাজারে দামের সামঞ্জস্য বজায় রাখতে প্রয়োজনীয় সুপারিশ দেবে।
সোমবার সিলেট জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নে কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, পাইকারি ও খুচরা দামের মধ্যে কিছু পার্থক্য থাকাটা স্বাভাবিক। তবে সেই ব্যবধান যেন অযৌক্তিক পর্যায়ে না পৌঁছায়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি তেল আমদানি ও দেশের বাণিজ্যঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার আন্তর্জাতিক উন্মুক্ত বাজার থেকে তেল সংগ্রহ করেছে। স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ রপ্তানির তুলনায় বেশি। তবে ভবিষ্যতে এই ঘাটতি কমাতে সরকার কাজ করছে।
এর আগে তাজপুর ইউনিয়নে কাদিরপুর–চম্পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন মন্ত্রী। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দুপুরে সিলেট সিটি করপোরেশন আয়োজিত এক অনুষ্ঠানে নগরের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। এতে সমাজে ভারসাম্য বজায় থাকবে এবং মানুষ উন্নয়ন কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত মনে করবে।
তিনি আরও বলেন, ইমামদের মর্যাদা রক্ষায় রাষ্ট্রস্বীকৃত বিধিমালা প্রণয়ন এবং তাঁদের জন্য এমন সম্মানীর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে, যাতে চার থেকে ছয় সদস্যের একটি পরিবার স্বচ্ছলভাবে জীবনযাপন করতে পারে।
অনুষ্ঠানে নগরের ৮২৭টি মসজিদের এক হাজার ৬৪ জন ইমাম ও এক হাজার ২১১ জন মুয়াজ্জিনের মধ্যে মোট ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা সম্মানী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আপনার বিজ্ঞাপন এখানে