77°F শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব: ঢাকায় আরও ৩৩ ফ্লাইট বাতিল, মোট বাতিল ২৪৫

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৭
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব: ঢাকায় আরও ৩৩ ফ্লাইট বাতিল, মোট বাতিল ২৪৫

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে ইরানসহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত কয়েক দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫টিতে।

শুক্রবার (৬ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এসব রুটে চলাচলকারী অনেক ফ্লাইট বাতিল করতে হচ্ছে।

৬ মার্চ বাতিল হওয়া ৩৩টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, এমিরেটসের ৪টি, ইউএস–বাংলা এয়ারলাইন্সের ৫টি, গালফ এয়ারের ২টি এবং ফ্লাইদুবাইয়ের ২টি ফ্লাইট রয়েছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিল করা হয়। ১ মার্চ বাতিল হয় ৪০টি ফ্লাইট। ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।

বেবিচক জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকার কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিল বা সময়সূচিতে পরিবর্তন হতে পারে। যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।