68°F মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

কোহাটে পুলিশ ভ্যানে সশস্ত্র হামলা, নিহত অন্তত ৭

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ২৪ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩০
কোহাটে পুলিশ ভ্যানে সশস্ত্র হামলা, নিহত অন্তত ৭

কোহাটে পুলিশ ভ্যানে সশস্ত্র হামলা, নিহত অন্তত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশের একটি মোবাইল ভ্যান লক্ষ্য করে সশস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা হঠাৎ করে টহলরত একটি পুলিশ ভ্যানকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য মারা যান। নিহতদের মধ্যে ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) আসাদ মেহমুদও রয়েছেন। হামলার সময় ভ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় দুই বেসামরিক ব্যক্তি গুলিবিদ্ধ হন।

পরে আহত তিন পুলিশ সদস্য এবং এক বেসামরিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে আরও কয়েকজন পুলিশ সদস্য ও একজন সাধারণ নাগরিক চিকিৎসা নিচ্ছেন। হামলার পর হামলাকারীরা পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় তাদের আত্মত্যাগ জাতি স্মরণে রাখবে। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন। প্রাথমিকভাবে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে একটি জঙ্গিগোষ্ঠীকে হামলার জন্য দায়ী করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সহিংসতার মাত্রা বেড়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতা নেওয়ার পর থেকে সীমান্ত ঘিরে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সরকার কাবুলের প্রতি তাদের ভূখণ্ড থেকে জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে আসছে। এ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনও অব্যাহত রয়েছে।