‘জাতি হিসেবে আমরা বিজয়ী’—নির্বাচন কমিশনার সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জাতি হিসেবে বাংলাদেশ চূড়ান্তভাবে বিজয়ী হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন বাংলাদেশ ভবনে ভোটের প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা শেষে সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, ১৩ ফেব্রুয়ারি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি স্মরণীয় দিন হিসেবে ইতিহাসে স্থান পাবে বলে তাঁদের বিশ্বাস। নির্বাচনী প্রক্রিয়ায় যাঁরা নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের প্রধান অঙ্গীকার ছিল আইন প্রয়োগে নিরপেক্ষতা বজায় রেখে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, এই নির্বাচন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না; বরং জাতির মান-মর্যাদা, ভাবমূর্তি, বিনিয়োগ ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও এর সঙ্গে সম্পৃক্ত ছিল। তাই কমিশন এটিকে ‘পবিত্র আমানত’ হিসেবে গ্রহণ করেছিল।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সানাউল্লাহ বলেন, মানুষ ঈদ উৎসবের আমেজে ভোটে অংশ নিয়েছেন। সম্ভাব্য শঙ্কা বা অনিশ্চয়তার বিষয়গুলো জনগণের ব্যাপক অংশগ্রহণে দূর হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে নির্বাচন কমিশনার বলেন, দেশের গণতান্ত্রিক ধারা যেন আর কখনো ব্যাহত না হয়—এই নির্বাচনের অভিজ্ঞতা সেই পথচলায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
আপনার বিজ্ঞাপন এখানে