82°F সোমবার, ১১ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ইসলামাবাদে আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানের হেফাজতে

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৮ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১১৩
ইসলামাবাদে আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানের হেফাজতে

ইসলামাবাদে আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানের হেফাজতে, স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ ভারত প্ররোচনায় লিপ্ত

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি নিশ্চিত করেছেন, ইসলামাবাদে সম্প্রতি সংঘটিত ভয়াবহ আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ড বা মূল পরিকল্পনাকারী বর্তমানে পাকিস্তানের হেফাজতে রয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলার সঙ্গে যুক্ত সহায়তাকারীদেরও গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি অভিযোগ করেন, এই মাস্টারমাইন্ডের সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থায়নও ওই দেশ থেকেই হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি সংবাদ সম্মেলনে জানান, হামলার পরপরই খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার ও নওশেরা এলাকায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী ও তার সহায়করা আটক করা হয়। তিনি বলেন, “খাইবার পাখতুনখাওয়া কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। অভিযান চলাকালীন পুলিশের এক সদস্য নিহত হয়েছেন, আর কয়েকজন আহত হয়েছেন। তবে আমাদের হাতে আছে প্রমাণ, যে পরিকল্পনা ও প্রশিক্ষণ আফগানিস্তানে সম্পন্ন করা হয়েছিল।”

শুক্রবার ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত একটি ইমামবাড়ায় নামাজ চলাকালীন এই ভয়াবহ হামলা সংঘটিত হয়। হামলাকারী প্রথমে প্রবেশপথে গুলি চালায় এবং পরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৩৩ জন শহীদ হন এবং আরও অনেকে আহত হন।

মোহসিন নকভি আরও বলেন, “এসব সন্ত্রাসী গোষ্ঠীর পুরো অর্থায়ন ভারত থেকে করা হচ্ছে। তাদের লক্ষ্যও ভারত থেকেই ঠিক করা হচ্ছে। আগে একজন জঙ্গিকে ৫০০ ডলার দেওয়া হতো। বর্তমানে তা বেড়ে ১ হাজার ৫০০ ডলার করা হয়েছে। ভারতের এই প্ররোচনার ফলে সন্ত্রাসীদের বাজেট তিন গুণ বৃদ্ধি পেয়েছে।” তিনি দাবি করেন, সন্ত্রাসীরা তাদের বাজেট যতই বাড়াক না কেন, পাকিস্তান তৎপরতার সঙ্গে সন্ত্রাসবাদ দমন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পাকিস্তানে সন্ত্রাস দমনে কোনো আলাদা নীতি প্রযোজ্য হবে না। তিনি বলেন, “শত্রু মানেই শত্রু। পাকিস্তানের বিরুদ্ধে যারা লড়ছে, তাদের আলাদা করে দেখার সুযোগ নেই। বিশ্ব যদি এখনই আওয়াজ না তোলে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।”

অপরদিকে, মোহসিন নকভি জানান, সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে। সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে এসব অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি তা না হয়, তাহলে অন্য বিকল্প পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

এই হামলার ঘটনায় পাকিস্তানজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, “দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য আমাদের সক্রিয় ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।”