ইরানকে সম্ভাব্য হামলার লক্ষ্য নির্ধারণে রাশিয়া সহায়তা করছে—এমন অভিযোগ তুলেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডিপুল। তিনি দাবি করেন, ইউক্রেনে চলমান যুদ্ধ থেকে আন্তর্জাতিক মনোযোগ সরাতেই মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে কাজে লাগাতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভাডিপুল বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় জার্মানির অবস্থান তুলে ধরা হয়েছে। তিনি জানান, বর্তমান উত্তেজনা প্রশমিত হলে হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে আগ্রহী জার্মানি।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে উঠছে। তার ভাষায়, রাশিয়া সম্ভাব্য লক্ষ্যবস্তু সংক্রান্ত তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তিনি আরও মন্তব্য করেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ব্যবহার করে ইউক্রেনে রাশিয়ার সামরিক কার্যক্রম থেকে দৃষ্টি সরানোর যে প্রচেষ্টা, তা সফল হতে দেওয়া হবে না।
তবে রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা একে অপরকে প্রভাবিত করছে, যা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে।
আপনার বিজ্ঞাপন এখানে