61°F বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ঢাকা–৮ ও ঢাকা–১৬ আসনের আংশিক ফল প্রকাশ, চলছে ভোট গণনা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১৩ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ২
ঢাকা–৮ ও ঢাকা–১৬ আসনের আংশিক ফল প্রকাশ, চলছে ভোট গণনা

ঢাকা–৮ ও ঢাকা–১৬ আসনের আংশিক ফল প্রকাশ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ ও ঢাকা–১৬ আসনের কয়েকটি কেন্দ্রের প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে প্রাপ্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

ঢাকা–৮ আসনে মোট ১০৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১৬ হাজার ৭৯০ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত এনসিপি নেতা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী পেয়েছেন ১৫ হাজার ৪৭০ ভোট। ফলে আংশিক ফলাফলে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে।

অন্যদিকে ঢাকা–১৬ আসনের ১৩৮টি কেন্দ্রের মধ্যে ২৯টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী আমিনুল হক পেয়েছেন ১৬ হাজার ১৭৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল বাতেন পেয়েছেন ১৫ হাজার ৫১৬ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফল একত্র করে ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গণনা কার্যক্রম অব্যাহত রয়েছে।

চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এ দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।