আইপি টিভি ও অনলাইন পোর্টাল নীতিমালার আওতায় আসবে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
দেশের আইপি টিভি ও অনলাইন সংবাদ পোর্টালগুলোকে শিগগিরই একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নান্দাইলে প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর গত ১৭ বছরে কীভাবে দপ্তরটি পরিচালিত হয়েছে তা স্পষ্ট হয়েছে। তার অভিযোগ, দীর্ঘদিন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই কার্যক্রম পরিচালিত হয়েছে। এখন থেকে সব কিছু নিয়মের ভিত্তিতেই চলবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, একটি মোবাইল ফোন ব্যবহার করেই যারা অনলাইন পোর্টাল পরিচালনা করছেন, তাদেরও সরকারি নীতিমালা অনুসরণ করে কাজ করতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে চায় না। প্রধানমন্ত্রীর মতে, স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি নান্দাইলে প্রতিমন্ত্রীর প্রথম সফর। সদরে অবস্থিত জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার প্রদান করে পুলিশ। এ সময় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। তিনি নান্দাইল প্রেসক্লাব পরিদর্শন করেন এবং সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা এবং কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তা দেওয়ার আশ্বাস দেন ইয়াসের খান।
সফরের অংশ হিসেবে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন।
আপনার বিজ্ঞাপন এখানে