72°F শনিবার, ২৮ মার্চ ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

যুক্তরাষ্ট্রে ট্রেন-ভ্যান সংঘর্ষে নিহত ৫

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২০
যুক্তরাষ্ট্রে ট্রেন-ভ্যান সংঘর্ষে নিহত ৫

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে একটি ট্রেনের সঙ্গে ভ্যানের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তাসংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়, স্টোন কাউন্টির একটি গ্রামীণ লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত পাঁচজনই ভ্যানের যাত্রী ছিলেন।

স্টোন কাউন্টির করোনার ওয়েন ফ্লুরি জানান, দুর্ঘটনায় ভ্যানের একমাত্র জীবিত যাত্রী ২৩ বছর বয়সী এক নারী গুরুতর আহত হন। তাকে দ্রুত হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ট্রেনে থাকা কোনো যাত্রী আহত হননি।

রেল কর্তৃপক্ষ জানায়, কানাডিয়ান প্যাসিফিক কেনসাস সিটির একটি মালবাহী ট্রেন উইগিনস শহরের কাছাকাছি একটি লেভেল ক্রসিংয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থলটি বিলক্সি শহর থেকে প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

নিহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক ২৬ বছর বয়সী রায়ান সি. পিটারসন, সামনের আসনের যাত্রী ৪৫ বছর বয়সী ক্রিস্টিনা কারভার, তার দুই মেয়ে এমলি চ্যাম্বলি ও সারাবেথ চ্যাম্বলি এবং ২৩ বছর বয়সী ডেমার্কাস পারকিন্স।

স্টোন কাউন্টি শেরিফের কার্যালয় দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানিয়েছে। এদিকে রেলওয়ে কোম্পানিটি এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।