77°F বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ভারতের নাগরিকদের তেলের বিষয়ে জরুরি বার্তা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৬
ভারতের নাগরিকদের তেলের বিষয়ে জরুরি বার্তা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব দক্ষিণ এশিয়াতেও পড়েছে। জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি এবং সরবরাহে অনিশ্চয়তার কারণে ভারত সরকার নাগরিকদের আতঙ্কিত না হয়ে ‘প্যানিক-বাইং’ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। ভারতের জ্বালানি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা সুজাতা শর্মা বলেছেন, অপ্রয়োজনীয়ভাবে জ্বালানি কিনে মজুত করার প্রয়োজন নেই এবং গুজবে বিশ্বাস করা ঠিক হবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে দেশের বিভিন্ন স্থানে তেল পাম্পে দীর্ঘ লাইনে নাগরিকদের ভিড় দেখা গেছে। এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী আশীষ সিং জানান, এক ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হয়েছে।

হরমুজ প্রণালির উপর চলমান সীমাবদ্ধতার মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির খবর এসেছে। ইরান জানিয়েছে, বাংলাদেশসহ কয়েকটি বন্ধুপ্রতিম দেশের জাহাজকে নিরাপদে চলাচলের সুযোগ দেওয়া হবে। এতে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ তেল সরবরাহে কিছুটা স্বস্তি আসতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি। বন্ধুপ্রতিম দেশ ও যারা ইরানের সঙ্গে সমন্বয় করছে, তাদের জন্য নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের কিছু জাহাজ ইতিমধ্যে নিরাপদে প্রণালী পার হয়েছে। বাংলাদেশও এই প্রক্রিয়ায় রয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, যেসব দেশকে ইরান প্রতিপক্ষ মনে করে বা চলমান সংঘাতে সরাসরি জড়িত, তাদের জাহাজ প্রণালী ব্যবহার করতে পারবে না। তিনি উল্লেখ করেন, পুরো অঞ্চল এখন যুদ্ধক্ষেত্র এবং শত্রু ও তাদের মিত্রদের জন্য প্রণালী খোলা নেই, তবে অন্যদের জন্য এটি খোলা রাখা হবে।