66°F সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত: ইইউ পর্যবেক্ষণ মিশন

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১৪ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩৩
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত: ইইউ পর্যবেক্ষণ মিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত: ইইউ পর্যবেক্ষণ মিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। তিনি বলেন, এ নির্বাচন ভবিষ্যৎ জাতীয় নির্বাচনের জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।

শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্রাথমিক মূল্যায়ন উপস্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে ইজাবস জানান, নির্বাচন কমিশন স্বাধীনতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালন করেছে। ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক।

তবে তিনি উল্লেখ করেন, নির্বাচনী সময়ে অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য নেতিবাচক প্রভাব ফেলেছে। যদিও প্রার্থীরা তুলনামূলকভাবে স্বাধীনভাবে প্রচারণা চালাতে পেরেছেন, রাজনৈতিক দলগুলোর ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিস্থিতিকে কিছুটা প্রভাবিত করেছে বলে পর্যবেক্ষণ মিশনের মূল্যায়নে উঠে এসেছে।

নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে ইইউ মিশনের প্রধান বলেন, সাম্প্রতিক গণ–আন্দোলনে নারীরা সক্রিয় ভূমিকা রাখলেও এবারের নির্বাচনে তাঁদের উপস্থিতি ছিল সীমিত। মোট প্রার্থীর মধ্যে নারী ছিলেন প্রায় চার শতাংশ, যা রাজনৈতিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে আরও অগ্রগতির প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।

নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইভার্স ইজাবস বলেন, ভোটারদের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণতান্ত্রিক মানদণ্ড সুসংহত করা এবং সবার আস্থা ধরে রাখাই হবে সরকারের প্রধান চ্যালেঞ্জ।