59°F বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

শ্রম অভিবাসনে নৈতিকতা ও যৌথ দায়িত্ব জোরদারের আহ্বান ড. আসিফ নজরুলের

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৫ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৫
শ্রম অভিবাসনে নৈতিকতা ও যৌথ দায়িত্ব জোরদারের আহ্বান ড. আসিফ নজরুলের

প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল শ্রম অভিবাসনের ক্ষেত্রে প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি অভিবাসীদের নৈতিক নিয়োগ, মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং মানবিক মর্যাদা সুরক্ষায় যৌথ প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দেন।

দুবাইয়ে অনুষ্ঠিত আবুধাবী ডায়ালগ-২০২৬-এর দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি আবুধাবী ডায়ালগকে নিরাপদ, সুশৃঙ্খল ও নৈতিক শ্রম অভিবাসন নিশ্চিত করার জন্য একটি বিশ্বস্ত ও কার্যকর আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।

ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ। প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতির পাশাপাশি গন্তব্য দেশগুলোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে এখনও অনেক শ্রমিক শোষণ ও অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন, যা প্রেরণকারী ও গ্রহণকারী দেশগুলোর সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই সমাধান সম্ভব।

তিনি সরকারের সাম্প্রতিক উদ্যোগগুলোর কথা তুলে ধরে জানান, শতভাগ ডিজিটাল ওভারসিজ এমপ্লয়মেন্ট পোর্টাল চালু করা হয়েছে। পাশাপাশি প্রি-ডিপার্চার সহায়তা ও ওভারসিজ ওয়েলফেয়ার সেবা জোরদার, দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ এবং প্রতারণামূলক নিয়োগের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হচ্ছে।

পরবর্তীতে তিনি সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ ও এমিরাতাইজেশন মন্ত্রী ড. আব্দুর রহমান আব্দুল মান্নান আল আওয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ বৈঠকে দণ্ডপ্রাপ্ত ২১২ জন বাংলাদেশি প্রবাসীকে সাধারণ ক্ষমা প্রদানের জন্য আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বৈঠকে বাংলাদেশিদের জন্য ভিসা সহজীকরণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সংযুক্ত আরব আমিরাতের ভিসা সীমিতকরণ নীতির কারণে বাংলাদেশ থেকে শ্রমিক প্রবাহ হ্রাস পেয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ভিসা সংক্রান্ত নানা জটিলতায় প্রবাসীরা ভোগান্তির শিকার হয়েছেন। সব ধরনের ভিসা জটিলতা নিরসনে তিনি আমিরাত সরকারের সহযোগিতা কামনা করেন।

এছাড়া উপদেষ্টা পাকিস্তানের ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হোসেন এবং ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব মাইগ্র্যান্ট ওয়ার্কার্সের সচিব হ্যান্স লিও ক্যাকডাকের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে শ্রম অভিবাসন ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন, নৈতিক নিয়োগ, অভিবাসী কল্যাণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি দুবাইয়ের ইন্টারকন্টিনেন্টাল দুবাই ফেস্টিভ্যাল সিটিতে আবুধাবী ডায়ালগের অষ্টম মন্ত্রী পর্যায়ের সভা শুরু হয়। এতে ১৭টি সদস্য দেশের প্রতিনিধি, সিনিয়র কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এবারের আসরে প্রথমবারের মতো ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) লেবার সেন্টারের প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন।