73°F সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

সংসদে ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে: নাহিদ ইসলাম

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৯
সংসদে ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংসদে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাস্তবায়নে কাজ করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির উদ্যোগে আয়োজিত বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বর্তমানে যে নির্বাচিত সরকার দায়িত্বে রয়েছে, সেটি প্রচলিত নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় আসেনি। অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমেই এ সরকার গঠিত হয়েছে। তাই তাদের বৈধতার ভিত্তি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান এবং সেই প্রেক্ষাপটে ঘোষিত জুলাই সনদ।

তিনি বলেন, এই বাস্তবতা যেন সরকার ভুলে না যায়। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও সনদের নির্দেশনা অনুসরণ করেই দেশ পরিচালনা করতে হবে।

ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতির কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন দলের নেতারা আজ একত্র হয়েছেন। এই ঐক্যের মুহূর্ত সম্ভব হয়েছে বহু মানুষের আত্মত্যাগের মাধ্যমে।

তিনি আরও বলেন, হাজারো ভাই-বোনের রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়েই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল। সেই আন্দোলনের ফলেই আজ এমন রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্য নেতারা।