64°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

সিনেমায় প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা অরিজিৎ সিংয়ের, হতবাক অনুরাগীরা

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৮ জানু ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৯
সিনেমায় প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা অরিজিৎ সিংয়ের, হতবাক অনুরাগীরা

সিনেমায় প্লেব্যাক গান থেকে অবসরের ঘোষণা অরিজিৎ সিংয়ের, হতবাক অনুরাগীরা

জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং আচমকাই সিনেমায় প্লেব্যাক গায়ক হিসেবে আর গান না গাওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান, যা মুহূর্তেই আলোড়ন সৃষ্টি করে ভক্তমহলে।

পোস্টে অরিজিৎ লেখেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি আনন্দের সঙ্গে জানান, এখান থেকেই তার প্লেব্যাক গায়ক হিসেবে যাত্রার ইতি টানছেন। তিনি স্পষ্ট করেন, ভবিষ্যতে আর সিনেমার জন্য গান গাইবেন না। পোস্টের শেষে তিনি লেখেন, এই সংগীতযাত্রা তার জন্য সত্যিই সুন্দর ও স্মরণীয় ছিল।

অরিজিতের এই ঘোষণায় তার অনুরাগীরা বিস্মিত হলেও, কেন এমন সিদ্ধান্ত নিলেন-সে বিষয়ে এখনো কোনো ব্যাখ্যা দেননি তিনি।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জঙ্গিপুরে জন্ম নেওয়া অরিজিৎ সিং দেশ-বিদেশে জনপ্রিয়তা অর্জন করলেও নিজের শিকড়ের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। সংগীতের পাশাপাশি তিনি বিভিন্ন জনহিতকর কাজেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

উল্লেখ্য, অল্পদিন আগেই ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে অরিজিতের গাওয়া ‘ক্ষণে গোরাচাঁদ’ গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। পাশাপাশি সম্প্রতি মুক্তি পাওয়া কয়েকটি হিন্দি ছবিতেও তার গান জনপ্রিয়তা পেয়েছে। ‘ধুরন্ধর’ ছবির ‘গেহরা হুয়া’ গানটি প্রশংসিত হয়েছে শ্রোতামহলে। সামনে মুক্তির অপেক্ষায় থাকা ‘ও রোমিয়ো’ ছবিতেও রয়েছে তার কণ্ঠ। তবে এসবের পরই সিনেমায় গান গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন এই শিল্পী।

গান গাওয়ার পাশাপাশি চলচ্চিত্র পরিচালনাতেও নিজের অবস্থান তৈরি করছেন অরিজিৎ সিং। ইতোমধ্যে দুটি ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। তার প্রথম পরিচালিত ছবি ‘সা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া হিন্দিতে ‘ভয়’ নামের একটি ছবিও পরিচালনা করছেন তিনি।