সিলেটে পেট্রোল পাম্পে তেল না পেয়ে কর্মীকে ছুরিকাঘাত
সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল না পাওয়াকে কেন্দ্র করে এক গ্রাহকের ছুরিকাঘাতে মিঠু গোয়ালা নামে এক কর্মী আহত হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইফতারের প্রায় দুই মিনিট আগে পেট্রোল পাম্পে তেল নিতে আসা এক গ্রাহকের সঙ্গে কর্মীদের কথাকাটাকাটি হয়। তেল না পাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
পরে ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে কর্মী মিঠু গোয়ালাকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র জানান, তেল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে এক গ্রাহক পেট্রোল পাম্পের কর্মীকে ছুরিকাঘাত করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে