66°F সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

শিক্ষক সমিতির ব্যানার ব্যবহারে ক্ষোভ জানাল ঢাবি সাদা দল

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ২১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৪৭
শিক্ষক সমিতির ব্যানার ব্যবহারে ক্ষোভ জানাল ঢাবি সাদা দল

শিক্ষক সমিতির ব্যানার ব্যবহারে ক্ষোভ জানাল ঢাবি সাদা দল

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ গভীর ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনটির দাবি, অকার্যকর শিক্ষক সমিতির ব্যানার ব্যবহার করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা অনৈতিক ও ধৃষ্টতাপূর্ণ।

বিবৃতিতে স্বাক্ষর করেন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

নেতারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে শিক্ষক সমিতি কার্যত অকার্যকর ও প্রত্যাখ্যাত। এমন পরিস্থিতিতে ওই সমিতির নাম ব্যবহার করে কোনো কর্মসূচি পালন গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও দাবি করা হয়, বর্তমানে শিক্ষক সমিতির কোনো বৈধ বা কার্যকর কমিটি নেই। যারা নিজেদের সমিতির দায়িত্বশীল হিসেবে পরিচয় দিচ্ছেন, তাদের নৈতিক বা আইনি ভিত্তি নেই বলেও অভিযোগ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় তারা স্বৈরাচারের পক্ষ নিয়েছিলেন বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

সাদা দলের পক্ষ থেকে বলা হয়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সংশ্লিষ্ট গোষ্ঠীটি সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে বিতর্কিত হিসেবে চিহ্নিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটিতে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রাথমিকভাবে কয়েকজনকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরতও রাখা হয়েছে বলে দাবি করা হয়।

সাদা দলের নেতারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। তদন্ত শেষ না হওয়া এবং নতুন কার্যকর কমিটি গঠিত না হওয়া পর্যন্ত ‘শিক্ষক সমিতি’র নাম বা ব্যানার ব্যবহার করে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান তারা।

বিবৃতির শেষাংশে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানবিরোধী শক্তির কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না।