64°F বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

সার্বভৌমত্বের হুমকি মোকাবিলায় যুবকদের নিয়ে দ্বিগুণ রিজার্ভ ফোর্স গঠনের ঘোষণা এনসিপির

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১২
সার্বভৌমত্বের হুমকি মোকাবিলায় যুবকদের নিয়ে দ্বিগুণ রিজার্ভ ফোর্স গঠনের ঘোষণা এনসিপির

সার্বভৌমত্বের হুমকি মোকাবিলায় যুবকদের নিয়ে দ্বিগুণ রিজার্ভ ফোর্স গঠনের ঘোষণা এনসিপির
বাংলাদেশ বারবার সার্বভৌমত্বের হুমকির মুখে পড়ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে সম্পৃক্ত করে সেনাবাহিনীর বর্তমান সক্ষমতার দ্বিগুণ একটি শক্তিশালী রিজার্ভ ফোর্স গঠনের ঘোষণা দেওয়া হয়েছে এনসিপির নির্বাচনী ইশতেহারে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আয়োজিত এক প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশের কিছু রাজনৈতিক দল নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড কিংবা কৃষি কার্ডের প্রতিশ্রুতি দেয়। কিন্তু ক্ষমতায় গেলে দেশের নিরাপত্তা ও আগ্রাসী শক্তির বিরুদ্ধে কী অবস্থান নেবে, সে বিষয়ে তারা কোনো স্পষ্ট বক্তব্য দেয় না।

তিনি আরও বলেন, শীত মৌসুমে যেমন বিদেশ থেকে অতিথি পাখি আসে, তেমনি নিজেদের জাতীয়তাবাদের ধারক বলে দাবি করা একটি দল বিদেশ থেকে আসা লোকদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিচ্ছে—যা তাদের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

প্রচারণা সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন এবং সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী সাইফ মুস্তাফিজ। তাঁরা দলের ইশতেহার, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব এবং আসন্ন নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।