77°F বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে বিরোধী দলের প্রতিবাদ, প্ল্যাকার্ড হাতে ওয়াকআউট

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৫
রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে বিরোধী দলের প্রতিবাদ, প্ল্যাকার্ড হাতে ওয়াকআউট

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপতির ভাষণ চলাকালে বিরোধী দল জামায়াতের সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।

অধিবেশন শুরু হলে স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। এ সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান এবং তাদের হাতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’ এবং ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল। পরিস্থিতি শান্ত রাখতে স্পিকার সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।

এর মধ্যেই রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করে স্পিকারের পাশে আসন গ্রহণ করেন এবং আনুষ্ঠানিকভাবে তার ভাষণ শুরু করেন। ভাষণের সময় সরকারি দল ও বিএনপির কয়েকজন সংসদ সদস্যকে টেবিল চাপড়ে সমর্থন জানাতে দেখা যায়।

তবে বিরোধী দলীয় সদস্যরা তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন এবং কিছু সময় পর প্ল্যাকার্ড হাতে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

পর্যবেক্ষকদের মতে, সংসদের প্রথম অধিবেশনেই এমন ঘটনাকে দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।