63°F সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিদায় জানালেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

বস্টন বাংলা, Boston Bangla

প্রকাশ: ১৬ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৮
পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিদায় জানালেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিদায় জানালেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

দায়িত্ব পালন শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে তিনি বিদায় নেন।

বিদায়ী মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আল সিয়াম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব পালনকালে তার নেতৃত্ব ও দিকনির্দেশনার জন্য কর্মকর্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রণালয় প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে মো. তৌহিদ হোসেন বলেন, তিনি এখন তাঁর “পুরোনো জীবনে” ফিরে যাবেন। ভবিষ্যতে লেখালেখিতে মনোনিবেশ করার ইচ্ছার কথাও জানান তিনি। বলেন, “কিছু লেখালেখি করব। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে। ভালো-মন্দ মিলিয়ে দেড় বছর কেটে গেল।”

দায়িত্বকালে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি এবং বিভিন্ন বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে তিনি সক্রিয় ভূমিকা রাখেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বিশেষ করে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান ব্যাখ্যা এবং অংশীদার দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বিদায় অনুষ্ঠানের অংশ হিসেবে মন্ত্রণালয়ের বাইরে কর্মকর্তাদের সঙ্গে একটি ফটোসেশনে অংশ নেন তিনি। এ সময় সহকর্মীদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে যোগাযোগ বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।

দায়িত্বকালীন সময়ের অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, সরকারি দায়িত্ব সবসময়ই চ্যালেঞ্জিং, তবে সহকর্মীদের সহযোগিতায় কাজ করা সহজ হয়েছে। বিদায়ের মধ্য দিয়ে তার দেড় বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটলেও নীতি-পরামর্শ ও লেখালেখির মাধ্যমে তিনি জনপরিসরে সক্রিয় থাকবেন বলে ইঙ্গিত দেন।