68°F বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, Boston Bangla

প্রকাশ: ২০ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের আহ্বান

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। চিঠিতে তিনি দুই দেশের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তি দ্রুত বাস্তবায়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।

ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) White House থেকে চিঠিটি পাঠানো হয়। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে চিঠির বিষয়বস্তু প্রকাশ করে।

চিঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্প তাঁর নেতৃত্বে নতুন সরকারের সাফল্য কামনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনের অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। এ অঞ্চলে সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করতে দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, নতুন সরকার দুই দেশের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করবে। তাঁর মতে, এ চুক্তি কার্যকর হলে উভয় দেশের কৃষক ও শ্রমিকেরা উপকৃত হবেন।

চিঠিতে প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারের বিষয়টিও গুরুত্ব পায়। ট্রাম্প বলেন, প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন হলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রে নির্মিত আধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ পাবে। তিনি এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করে ট্রাম্প জানান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি তাঁর পূর্ণ আস্থা রয়েছে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উভয় দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

চিঠির শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।