72°F বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

পাবনায় চার দিনের সফরে রাষ্ট্রপতি

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ৩৪
পাবনায় চার দিনের সফরে রাষ্ট্রপতি

 চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরকালে তিনি পারিবারিক ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন বলে রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে তিনি পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন। এরপর সার্কিট হাউসে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হবে।

রোববার (২৯ মার্চ) সকালে রাষ্ট্রপতি পাবনার আরিফপুর কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যায় তিনি পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (৩০ মার্চ) সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শনের পর সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় অবস্থিত নিজ বাসভবনে আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাবেন।

সফরের শেষ দিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশে ঢাকা ফিরবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।