72°F বুধবার, ২৫ মার্চ ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

নিষেধাজ্ঞা শিথিলের পর ইরান থেকে আবার এলপিজি কিনল ভারত

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১৯
নিষেধাজ্ঞা শিথিলের পর ইরান থেকে আবার এলপিজি কিনল ভারত

দীর্ঘ বিরতির পর ইরান থেকে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানি শুরু করেছে ভারত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সাময়িক শিথিল হওয়ায় তেহরান থেকে এই জ্বালানি কেনার পথ খুলেছে। শিল্প সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

২০১৯ সালে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে ইরান থেকে তেল ও গ্যাস আমদানি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল ভারত। এরপর কয়েক বছর ধরে দেশটি বিকল্প উৎসের ওপর নির্ভর করে আসছিল।

সাম্প্রতিক চুক্তির আওতায় ‘অরোরা’ নামের একটি ট্যাংকারে করে ইরানি এলপিজির একটি কার্গো ভারতের পথে রয়েছে। এটি শিগগিরই দেশের পশ্চিম উপকূলের মেঙ্গালুরু বন্দরে পৌঁছানোর কথা। আমদানিকৃত এই জ্বালানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন, ভারত পেট্রোলিয়াম করপোরেশন এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশনের মধ্যে বণ্টন করা হবে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন ব্যাহত হচ্ছে, যা ভারতের মতো আমদানিনির্ভর দেশগুলোর ওপর বড় প্রভাব ফেলছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে প্রণালিটি অচল বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে বৈশ্বিক জ্বালানি বাজারে এর সরাসরি প্রভাব পড়ে।

এই প্রেক্ষাপটে ইরান থেকে পুনরায় এলপিজি আমদানি ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।