নির্বাচনের পর দ্রুত ক্ষমতা হস্তান্তরের আশ্বাস অন্তর্বর্তী সরকারের
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রক্রিয়া ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পর গড়াবে না।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, নির্বাচন শেষে সবচেয়ে কম সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। যদি সংসদ সদস্যরা দ্রুত শপথ গ্রহণ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আহ্বান পান, তাহলে তিন দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ হতে পারে। তার মতে, ১৫ বা ১৬ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।
এ সময় প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, নির্বাচনের পর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে।
এর আগে সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আয়োজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শপথ পড়ানোর বিষয়ে এখনো নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে দুটি বিকল্প বিবেচনায় রয়েছে। এক্ষেত্রে রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি-যেমন প্রধান বিচারপতি-শপথ পড়াতে পারেন। অন্যথায় প্রধান নির্বাচন কমিশনার শপথ পরিচালনা করবেন। তবে সে ক্ষেত্রে তিন দিন অপেক্ষা করতে হতে পারে, যা সরকার এড়াতে চায়। তাই নির্বাচন শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে আগ্রহী সরকার।
আপনার বিজ্ঞাপন এখানে