77°F সোমবার, ২৫ মে ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ১০২
খালেদা জিয়াসহ ১৫ বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬

জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার–২০২৬ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, স্বাধীনতা, গণতন্ত্র ও নারীশিক্ষাসহ দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত) এবং বশির আহমেদ (মরণোত্তর) মনোনীত হয়েছেন।

ক্রীড়া ক্ষেত্রে জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক এবং মাহেরীন চৌধুরী (মরণোত্তর) নির্বাচিত হয়েছেন। জনপ্রশাসনে অবদানের জন্য কাজী ফজলুর রহমানকে (মরণোত্তর) মনোনয়ন দেওয়া হয়েছে।

গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে অবদানের জন্য মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া নির্বাচিত হয়েছেন। পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য মনোনীত হয়েছেন আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

এ ছাড়া পাঁচটি প্রতিষ্ঠানও স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত হয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসা ক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সমাজসেবায় এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্রকে এ পুরস্কার দেওয়া হবে।

স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত। প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়।