বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র দেশে এক বছরের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকার সতর্ক করে বলেছে, জ্বালানি সরবরাহ বর্তমানে গুরুতর ঝুঁকির মুখে রয়েছে।
সরকারি বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে দেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবনে চাপ সৃষ্টি করছে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তেল, খাদ্য, ওষুধ এবং কৃষিপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করবে।
সরকার ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে জ্বালানি সাশ্রয়ে কঠোর নিয়ম কার্যকর করা, পরিবহন খরচ কমাতে জ্বালানিতে ভর্তুকি প্রদান এবং মজুতদারি ও অতিরিক্ত মুনাফার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
এছাড়া ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে সহায়তা দিতে মোটরসাইকেল চালক ও পরিবহন খাতের কর্মীদের জন্য ৫ হাজার পেসো আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। কৃষক, জেলে এবং শ্রমজীবী মানুষের জন্যও বিশেষ কল্যাণমূলক কর্মসূচি চালু করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক তেলবাজারে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে আরও অনেক দেশ একই ধরনের জরুরি ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে। ফিলিপাইনের এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সংকটের গভীরতারই একটি ইঙ্গিত বহন করছে।
আপনার বিজ্ঞাপন এখানে