73°F সোমবার, ২৩ মার্চ ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

জ্বালানি সংকটে বন্ধের শঙ্কা: যেকোনো সময় পেট্রোল পাম্প বন্ধ হতে পারে

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬ | নিউজটি দেখেছেন: ২৩
জ্বালানি সংকটে বন্ধের শঙ্কা: যেকোনো সময় পেট্রোল পাম্প বন্ধ হতে পারে

 মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি করেছে, যার প্রভাব পড়ছে বাংলাদেশেও। এই পরিস্থিতিতে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার রাতে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় বলা হয়, সারাদেশের পেট্রোল পাম্পগুলোর পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। তেল বিপণনকারী কোম্পানিগুলো থেকে যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা সাধারণ মানুষের চাহিদা পূরণে পর্যাপ্ত নয়।

এর ফলে মোটরসাইকেল চালকসহ জরুরি সেবা সংশ্লিষ্ট যানবাহনের ব্যবহারকারীরা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত পরিমাণ জ্বালানি পাচ্ছেন না। এতে জনদুর্ভোগ যেমন বাড়ছে, তেমনি পাম্প পরিচালনাকারী কর্মীদের ওপরও চাপ বহুগুণে বৃদ্ধি পাচ্ছে।

সংগঠনটির মতে, সরবরাহ সংকটের কারণে পাম্পকর্মীদের প্রতিনিয়ত অসন্তুষ্ট গ্রাহকদের মুখোমুখি হতে হচ্ছে, যা অনেক ক্ষেত্রে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি করছে। বিশেষ করে নজেলম্যানরা এই অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন।

মালিকদের আশঙ্কা, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হলে এবং নিয়মিত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সেক্ষেত্রে জানমালের নিরাপত্তা বিবেচনায় পেট্রোল পাম্পগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন তারা।