জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সুফলের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা বাড়াতে ইতিবাচক ও গঠনমূলক মনোভাব নিয়ে কাজ করার কথা জানিয়েছে দেশটি।
রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটি ছিল তাঁর প্রথম বৈঠক। বৈঠকটি মূলত সৌজন্য সাক্ষাৎ এবং প্রাথমিক মতবিনিময় হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
হাইকমিশনার বলেন, নির্বাচনের পর থেকে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে। ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দনবার্তা পাঠান। একই দিনে দুই নেতার মধ্যে টেলিফোনে কথোপকথনও হয়।
এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে ওম বিড়লা ঢাকা সফর করেন। তিনি শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী মোদির একটি চিঠি তাঁর হাতে তুলে দেন।
প্রণয় ভার্মা বলেন, সাম্প্রতিক এসব যোগাযোগে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হয়ে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে দেশটি আগ্রহী। পারস্পরিক স্বার্থ ও সুফলের ভিত্তিতে ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে