66°F সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

জেলা আমির আটক ইস্যুতে ‘ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা’ অভিযোগ জামায়াতের

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ১১ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ৫২
জেলা আমির আটক ইস্যুতে ‘ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা’ অভিযোগ জামায়াতের

জেলা আমির আটক ইস্যুতে ‘ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা’ অভিযোগ জামায়াতের

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটকের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে এবং উদ্ধার হওয়া অর্থ নির্বাচনসংশ্লিষ্ট নয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বেলাল উদ্দিনের কাছে থাকা অর্থ তার ব্যক্তিগত ব্যবসার টাকা। ব্যাংক বন্ধ থাকায় লেনদেনের সুবিধার্থে নগদ অর্থ বহন করছিলেন বলে তিনি আগেই জানিয়েছেন। এটিকে কেন্দ্র করে “সাজানো নাটক” তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন জুবায়ের।

তিনি আরও বলেন, একজন ব্যবসায়ী ব্যক্তি প্রয়োজনে নগদ অর্থ বহন করতেই পারেন। বিমানবন্দরের মতো নিয়ন্ত্রিত এলাকায় ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেন তিনি। আটক হওয়ার পর বেলাল উদ্দিন মানসিক চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান জুবায়ের। একই সঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করে।

এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে প্রার্থী, এজেন্ট ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। প্রশাসনের একটি অংশ পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে বুধবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নিয়মিত তল্লাশির সময় বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, তার কাছে ৫০ লাখ টাকার বেশি নগদ অর্থ পাওয়া গেছে। সঠিক পরিমাণ নির্ধারণে টাকা গণনা করা হচ্ছে।

আটকের পর একটি ভিডিও বার্তায় বেলাল উদ্দিন বলেন, তার কাছে থাকা অর্থের পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকা এবং তা তার গার্মেন্টস ব্যবসার লেনদেনের অংশ।

বেলাল উদ্দিন ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে সালন্দর ডিগ্রি কলেজের শিক্ষক হিসেবেও পরিচয় দেন।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় তার লাগেজে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তাকে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে এবং অর্থের উৎস ও বহনের উদ্দেশ্য তদন্ত করে দেখা হচ্ছে।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তি অর্ধকোটি টাকার বেশি অর্থ থাকার কথা জানিয়েছেন। সবার উপস্থিতিতে টাকাগুলো গণনা করা হবে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।