ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে আগামী সপ্তাহের মধ্যেই কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। শুক্রবার সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজন হলে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দেবে। তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান সামরিক অভিযান ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে।
তবে একই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন যে পরিস্থিতি এখনো জটিল এবং যুদ্ধ দ্রুত শেষ করা সহজ নয়। যদিও তিনি ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতে মার্কিন বাহিনীর পদক্ষেপের প্রশংসা করেন।
এর আগে বুধবার কেন্টাকি অঙ্গরাজ্যের হেবরনে এক বক্তব্যে ট্রাম্প বলেন, “আমরা এগিয়ে আছি, কিন্তু কাজ সম্পূর্ণ করতে যুক্তরাষ্ট্রকে অভিযান চালিয়ে যেতে হবে।”
সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বাড়তে শুরু করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জবাবে ইরান ইসরায়েলের ভেতরে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালায়।
এ ঘটনার পর থেকে অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে এবং আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
আপনার বিজ্ঞাপন এখানে