গণভোট সার্বভৌম জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ: আলী রীয়াজ
গণভোটকে সার্বভৌম জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। তিনি বলেন, এটি কেবল সংখ্যাগত ফলাফল নয়; বরং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রকাশ। তাই রাজনৈতিক দলগুলোর ওপর এই রায় বাস্তবায়নের নৈতিক ও রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে।
শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি–তে আয়োজিত সংবাদ সম্মেলনে গণভোটে উচ্চকক্ষ গঠনসংক্রান্ত রায় আইনগতভাবে রাজনৈতিক দলগুলো মানতে বাধ্য কি না—এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংবিধান সংস্কার ও ‘জুলাই সনদ’
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে আলী রীয়াজ জানান, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ ২০২৫’–এ স্পষ্টভাবে বলা আছে, জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। সদস্যরা দুটি শপথ নেবেন—একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এই পরিষদের মেয়াদ হবে ১৮০ দিন।
তিনি বলেন, ‘নোট অব ডিসেন্ট’ এখন জনরায়ে পরিণত হয়েছে এবং জনগণ তা বাস্তবায়ন দেখতে চায়। সংখ্যাগরিষ্ঠ দলসহ সব রাজনৈতিক দল জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উচ্চকক্ষ নিয়ে বিতর্ক
গণভোটে উচ্চকক্ষ গঠনের প্রস্তাব ছিল ‘সংখ্যানুপাতিক’ ভিত্তিতে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে ‘আসনানুপাতিক’ ব্যবস্থার কথা উল্লেখ করেছে। এ বিষয়ে আলী রীয়াজ বলেন, এটি বিএনপির দলীয় অবস্থান; কিন্তু গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সেটি আলাদা। চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমেই আসবে।
তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সময়ও বিএনপি জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা দেখিয়েছিল। এবারও দলটি জনরায়কে বিবেচনায় নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন
গণভোটে ভোট দিয়েছেন ৭ কোটি ৭৬ লাখ ১৫ হাজার ২৩ জন, যা মোট ভোটারের প্রায় ৬০ শতাংশ। এটি জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এক শতাংশ বেশি বলে জানানো হয়। এ নিয়ে প্রশ্ন উঠলে আলী রীয়াজ বলেন, এতে কোনো অসঙ্গতি নেই। নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, এখনো সব আসনের পূর্ণাঙ্গ ফলাফল যুক্ত হয়নি। সব ফলাফল যুক্ত হলে জাতীয় সংসদ নির্বাচনের ভোটহারও বাড়তে পারে।
তিনি আরও বলেন, অনেক ভোটার শুধু গণভোটে অংশ নিয়েছেন, সংসদ নির্বাচনে দেননি। প্রায় দুই শতাংশের ব্যবধানকে তিনি অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
আপনার বিজ্ঞাপন এখানে