83°F মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেনু

ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে, অনিয়মে কঠোর ব্যবস্থা: মন্ত্রী জাহিদ হোসেন

বস্টন বাংলা অনলাইন ডেস্ক, Boston Bangla

প্রকাশ: ২৪ ফেব ২০২৬ | নিউজটি দেখেছেন: ১২৫
ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে, অনিয়মে কঠোর ব্যবস্থা: মন্ত্রী জাহিদ হোসেন

ফ্যামিলি কার্ড বিনামূল্যে দেওয়া হবে, অনিয়মে কঠোর ব্যবস্থা: মন্ত্রী জাহিদ হোসেন

বিএনপির নির্বাচনী অঙ্গীকার হিসেবে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে এবং তথ্য সংগ্রহ বা বিতরণ কার্যক্রমে দলীয় কোনো নেতাকর্মী যুক্ত থাকবেন না বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে ফ্যামিলি কার্ড কর্মসূচিকে বিতর্কিত করার চেষ্টা করছে। কোথাও কোথাও কার্ডের নামে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। তিনি স্পষ্ট করে জানান, ধর্ম, বর্ণ বা গোত্রভেদ না করে দেশের সব পরিবারকে বিনামূল্যে এ কার্ড দেওয়া হবে। আগামী চার বছরের মধ্যে প্রতিটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে।

জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যদি কার্ড দেওয়ার কথা বলে টাকা দাবি করে, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন বা গণমাধ্যমকে জানাতে হবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন যাতে কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ না থাকে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, রাজধানীর কড়াইল বস্তি ও ময়মনসিংহসহ কয়েকটি এলাকায় প্রতারণার তথ্য পাওয়া গেছে, যা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।