দেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ডিসেম্বর ও জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও ৩ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার। এর আগে জানুয়ারিতে এসেছিল ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ডলার।
রোববার (১ মার্চ) বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফেব্রুয়ারি মাসে গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১০ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
গত বছরের ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ৮০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২৪৫ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে এই প্রবাহ বেড়েছে প্রায় ২১ দশমিক ৪০ শতাংশ।
এর আগে জানুয়ারি মাসে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে বিবেচিত হয়েছে।
বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণে প্রণোদনা, হুন্ডি প্রতিরোধে নজরদারি বৃদ্ধি এবং প্রবাসীদের আস্থার কারণে রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক ধারা বজায় রয়েছে।
আপনার বিজ্ঞাপন এখানে